বেলঘরিয়ায় পার্টি অফিসে ঢুকে দুষ্কৃতী তাণ্ডবে আহত ২ তৃণমূল কর্মী, চলল গুলি, ধৃত ৬

আমাদের ভারত, ৪ জুলাই: বেলঘরিয়ায় বিভার মোড়ে তৃণমূল পার্টি অফিসের ভেতরে দুষ্কৃতী তাণ্ডব ও গুলি চালনার ঘটনায় আহত হলেন ২ জন তৃণমূল কর্মী। এই দুষ্কৃতী তাণ্ডবের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় এখনও ৬ জনকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ।

শনিবার রাতে কামারহাটি পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড তৃণমূল পার্টি অফিসে বসে কথা বলছিলেন কয়েকজন কর্মী। সেই সময় হঠাৎ করে চলে আসে এক দল দুষ্কৃতী। সেই দুষ্কৃতীরা বাইক করে আসে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান। এরপর ওই দুষ্কৃতীরা ঢুকে পড়ে ওই পার্টি অফিসের ভেতরে। তার পর পার্টি অফিসে ভেতরে তাণ্ডব চালাতে শুরু করে সেই সঙ্গে
চালায় গুলি। ঘটনার আকস্মিকতায় পার্টি অফিসে থাকা তৃণমূল কর্মীরা ভয়ে পালাতে শুরু করে। সেই সময় দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে মেরে একজনের মাথা ফাটিয়ে দেয়। অপর দিকে দুষ্কৃতীদের গুলিতে আহত হন মানস বর্ধন নামে এক তৃণমূল কর্মী। বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় শুভ গায়েন নামের এক তৃণমূল কর্মীর। গুলি চালানোর শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পার্টি অফিসে ঢুকে কেন এই ধরনের হামলা তার উত্তর খুঁজতে শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। ধৃতরা হল তন্ময় বোস, রফিক আলি, সনু কুন্ডু, সুভাষ গমোস্ত, ঋতুরাজ চক্রবর্তী ও বিপ্র মন্ডল। এদিন ধৃতদের কাছ থেকে তাজা বোমা উদ্ধার হয় বলে সূত্রের খবর।

শনিবার রাতে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “দুষ্কৃতীরা কোনও দলের হয় না, এলাকা দখলের জন্য এই ঘটনা ঘটেছে। ইদানিং কামারহাটিতে প্রোমটিং চক্র খুব মাথা চাড়া দিয়ে উঠেছে। এই ঘটনার পেছনে প্রোমোটিং চক্র থাকতে পারে। আমি চাই এসব বন্ধ হোক। মানুষ ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছে সেখানে এই ভাবে সাধারণ মানুষ আতঙ্কে থাকবে এটা ঠিক না। পুলিশ প্রশাসন লকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে।”

এদিন আতঙ্কিত এলাকাবাসীদের বক্তব্য, “এই ঘটনা তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা যে পার্টি অফিসের ভেতরে ঢুকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে দুষ্কৃতীরা। তাহলে আমাদের মত সাধারণ মানুষের কি অসহায় অবস্থা। আর এই দুষ্কৃতীরা সব পার্টির সাথেই যুক্ত। এদের কখনো বিজেপির সাথে দেখা যায় আবার কখনও তৃণমূলের সাথে দেখা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *